বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হোসেন (৩৮) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক তিন আসামিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, রাব্বি (২১), মারুফ (২৩) ও হাসিবুর রহমান ওরফে আছিফ।
শুক্রবার যশোর বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে এএসআই আশিকুর রহমান ও এএসআই মিজানুর রহমানের সমন্বয়ে পুলিশের একটি দল ফরিদপুরের সালথা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের পাশে মহাসড়কের ওপর যুবদল নেতা রুবেল হোসেনকে ধারালো চাকু দিয়ে বুকে ও পিঠে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত রুবেল হোসেনের স্ত্রী বাদী হয়ে ওই দিন বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ফরিদপুরের সালথা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
