বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল ম্যাচ’। শুক্রবার বিকেলে দোহাকুলা ইউনিয়নের বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফুটবল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে স্থানীয় মানুষের উপস্থিতিতে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।
দোহাকুলা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে শুক্রবার বিকেলে এ ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএসসি আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাকুলা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
