বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলীর বিনোদিয়া পার্ক থেকে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে বিষপানে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত জাহাঙ্গীর হোসেন মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারে ‘সিয়াম বস্ত্রালয়’-এর মালিক এবং মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বাসিন্দা।
মৃতের ভাই মুরাদ হোসেন জানান, ব্যবসা পরিচালনা করতে গিয়ে জাহাঙ্গীর বিভিন্ন লোকের কাছে প্রায় কোটি টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের পক্ষ থেকে দেনা পরিশোধের জন্য তার ওপর ক্রমাগত চাপ ছিল।
তিনি আরও জানান, রোববার দুপুর ১টার পর তার ভাই জাহাঙ্গীর হোসেন মণিরামপুর রূপালী ব্যাংকে গিয়েছিলেন।
এরপর তার গতিবিধি সম্পর্কে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। পরে দুপুর আড়াইটার দিকে যশোর শহরের বিনোদিয়া পার্কে তাকে বিষপানে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে সেখানকার লোকজন।
পরে তার মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়।
সংবাদ পেয়ে জাহাঙ্গীরের ছেলে ও স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক প্রথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৪০ মিনিটে জাহাঙ্গির হোসেন মারা যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুরাদ হোসেনের ধারণা, দেনার কারণে সৃষ্ট মানসিক চাপ থেকেই জাহাঙ্গীর হোসেন এই চরম পথ বেছে নিয়েছেন। তবে মণিরামপুর থেকে এত দ্রুত সময়ের মধ্যে তিনি কীভাবে যশোর শহরতলীর পার্কে আসলেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মুরাদ হোসেন।

