মনিরামপুর সংবাদদাতা :
মনিরামপুরে ক্যান্সার, কিডনীসহ জটিল রোগে আক্রান্ত ১০ ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় এক লাখ করে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এ অর্থের চেক বিতরণ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান।
রোববার পৌরশহরের তাহেরপুর এলাকায় মফিজুর রহমানের বাড়িতে অনুদানের এ চেক বিতরন করা হয়। সমাজ কল্যান মন্ত্রনালয়ের সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত টাকা প্রদান করা হয়। এরা হলেন হাজরাকাঠি গ্রামের শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত সামিয়া জামান মিলি, চালকিডাঙ্গা গ্রামের ক্যান্সারে আক্রান্ত হোসাইন, বিজয়রামপুর গ্রামের ক্যান্সারে আক্রান্ত আব্দুল মালেক বিশ্বাস, মোহনপুর গ্রামের ক্যান্সারে আক্রান্ত জাকির হোসাইন ও আনোয়ারা বেগম।
এ ছাড়া লাউড়ী গ্রামের হৃদরোগে আক্রান্ত সুমনা খাতুন, কাশিপুর গ্রামের রহমত আলী ও প্যারালাইসিস রোগে আক্রান্ত কোহিনুর বেগম এবং খামারবাড়ি গ্রামের কিডনী রোগে আক্রান্ত মেধাবী ছাত্র মাসুদুর রহমান ও তাহেরপুর গ্রামের রুহুল আমিন।
চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি জিএম ফারুক আলম, আসাদুজ্জামান রয়েল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, যুবদল নেতা আব্বাস উদ্দিন, আব্দুর রহিম, মাসুদ পারভেজ রুবেল প্রমুখ।
