মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগ্নি জামাই বাঁশ দিয়ে আঘাত করলে মামা শ্বশুর রবিউল হোসেনের মৃত্যু হয়। শনিবার দুপুরে উপজেলার যাদবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল হোসেন ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ভাগ্নি জামাই একই গ্রামের বাসিন্দা লুৎফর রহমান পলাতক রয়েছেন।
জানা গেছে, নিহত ও অভিযুক্তের দুই শিশু পুত্র ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি করেন। এতে অভিযুক্ত লুৎফর রহমানের ছেলে পিঠে আঘাত পায়। বিষয়টি বাড়িতে গিয়ে জানালে লুৎফর রহমান রাগান্বিত হয়ে মামা শ্বশুরের বাড়িতে যান।
এ সময় বাগ-বিতন্ডার একপর্যায়ে ভাগ্নি জামাই লুৎফর রহমান বাঁশ দিয়ে মামা শ্বশুর রবিউল হোসেন কাঁধে আঘাত করেন।
এতে রবিউল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারে সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ভাগ্নি জামাই লুৎফর রহমান পলাতক রয়েছেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
