বাংলার ভোর প্রতিবেদক :
মাদককে ঘৃণা করা এবং মাদক থেকে চিরতরে দূরে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য মাদকমুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিরা। একই সঙ্গে তারা মাদকাসক্তদের সুস্থ ও আলোকিত জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
শনিবার যশোরের ভেকুটিয়ায় আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (আমিক)-এ আন্তঃর্জাতিক মাদ্রক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করারও অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় মাদকমুক্ত হয়ে নতুন জীবন শুরু করা সাফওয়ান ইবনে সাজিদ বলেন, “মাদক আমার সুন্দর জীবন কেড়ে নিয়েছিল। মাদকমুক্ত হওয়ার পর বুঝতে পেরেছি জীবনের প্রকৃত মূল্য। তাই আমি মাদককে ঘৃণা করি এবং সবাইকে এ পথ থেকে দূরে থাকার আহ্বান জানাই।”
অপর এক রিকভারি সদস্য বলেন, “আমরা মাদক ছেড়েছি। এখন সমাজ থেকে এই ব্যাধি দূর করতে আমাদেরই এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং ধর্মীয় ও নৈতিক চর্চা বাড়াতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার বলেন, “মাদকমুক্ত ব্যক্তিরা যদি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যুক্ত হন, তাহলে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। রিকভারিদের অবহেলা না করে ভালোবাসা ও সহযোগিতা করলে তারা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
আহ্ছানিয়া মিশনের যশোর মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ম্যানেজার মিজানুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর নজমুল খান, এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং আহ্ছানিয়া মিশনের মেডিকেল অফিসার ডা. মারুফুজ্জামান। অনুষ্ঠানে কাউন্সিলর রাশেদুল আলম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাদকাসক্তদের পুনর্বাসন ও রিকভারির বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে অতিথিদের ক্রেস্ট প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

