বাংলার ভোর প্রতিবেদক
যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৫তম শাহাদত বার্ষিকী।
এ উপলক্ষে জেলার শার্শা উপজেলার কাশিপুর এলাকায় অবস্থিত নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে ৪৯ বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এরপর সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খাঁন, কাশীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্কর এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যদের মধ্যে তাঁর মেয়ে হাসিনা খাতুন, পৌত্র নিয়ামুল ইসলাম ও নাতনি তাহরা খাতুনসহ পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন। তাঁর অসীম সাহস, বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধে তাঁর অবিস্মরণীয় অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় তাঁর ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়।
