বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের মুড়লিতে অবস্থিত ঐতিহাসিক দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী ও এর সংলগ্ন পুকুর রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পুকুরটি সংস্কার না করায় ইমামবাড়ীর ঐতিহাসিক ভবনটি পুকুরে ধসে পড়ার আশঙ্কা এবং ইমামবাড়ীর সীমানা প্রাচীর ঘেষে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ইমামবাড়ীর বর্তমান কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা ঐতিহাসিক ইমামবাড়ী ও এর সম্পত্তি সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এহতেশাম উল আলম প্রতীক। বক্তব্য দেন বাংলাদেশ শীয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মাওলানা ইব্রাহীম খলীল রাজাভী, ইমামবাড়ীর সম্পাদক ও ইনকিলাব এ মাহদী মিশনের পরিচালক সিরাজুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, যশোরের মুড়লিতে অবস্থিত দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। দীর্ঘদিন ধরে ইমামবাড়ীর সংলগ্ন পুকুরটি সংস্কার ও সংরক্ষণ না করায় এর পাড় ভেঙে যাওয়ার পাশাপাশি ঐতিহাসিক ভবনটির নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পুকুরটি সংস্কার করা না হলে ভবনের একটি অংশ পুকুরে ধসে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ ছাড়া ইমামবাড়ীর সীমানা প্রাচীরের পাশে অনুমোদনহীনভাবে ভবন নির্মাণের অভিযোগ তুলে বক্তারা বলেন, এ ধরনের নির্মাণকাজের কারণে ঐতিহাসিক স্থাপনাটির সীমানা প্রাচীরও ঝুঁকির মধ্যে পড়েছে। ইতোমধ্যে সীমানা প্রাচীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ঐতিহাসিক স্থাপনা ও এর সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে ইমামবাড়ী সংলগ্ন পুকুর দ্রুত সংস্কার, অবৈধ নির্মাণের অভিযোগ তদন্ত, ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর ও ঐতিহাসিক ভবনের প্রয়োজনীয় সংস্কার এবং পুরো স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

