বাংলার ভোর প্রতিবেক
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত যশোরের দিনব্যাপি চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। মেলায় ক্ষুদ্রঋণ বিতরণকারী ৩৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অংশ নিয়েছে। আয়োজকদের হিসাবে, প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী মেলায় অংশ নিয়েছেন। এদিন পাঁচ শতাধিক কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় যশোর পিটিআই চত্বরে এ চাকরি মেলার উদ্বোধন করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. হেলাল উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরএর নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, আরআরএফের প্রধান নির্বাহী ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তার এবং আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক শামসুল আলম।
মেলায় অংশ নেয়া চাকরিপ্রার্থীরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানের স্টলে গিয়ে সিভি জমা দিচ্ছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাই ও নিয়োগ দেবে।
আয়োজকেরা জানান, মেলায় অংশ নেয়া কিছু চাকরিপ্রার্থী সরাসরি নিয়োগপত্র পাওয়ার সুযোগ পাবেন। অন্যদের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর পরবর্তী নিয়োগপ্রক্রিয়া শেষে নিয়োগ চূড়ান্ত করা হবে।
সকাল থেকেই চাকরিপ্রার্থীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে। বিভিন্ন বয়সী ও শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ খুঁজতে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন। মেলায় একসঙ্গে ৩৬টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ চাকরিপ্রার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
