বাংলার ভোর প্রতিবেদক :
জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ভৈরব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নীল রতন ধর রোডে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ যশোরের আহ্বায়ক ও জাতীয় কৃষক-ক্ষেতমজুর সমিতি যশোর জেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক-ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মণিরামপুর শাখার সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সভাপতি আব্দুর রহিম, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট যশোরের আহ্বায়ক আলাউদ্দীন এবং জাতীয় কৃষক-ক্ষেতমজুর সমিতি যশোর জেলার দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস।
সমাবেশে বক্তারা বলেন, নজিরবিহীনভাবে এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। সার, গ্যাস ও বিদ্যুতের সংকটে কৃষক সমাজ আজ দিশেহারা হয়ে পড়েছেন। দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত হলেও কৃষকদের ভাগ্যন্নোয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে দেশের উৎপাদনমুখি কৃষক ও দিনমজুরদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বক্তারা আরও বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করেছে। বর্তমান সরকারও সেই চুক্তি নিয়ে জাতীয় সংসদে আলোচনা করছে না।
তাদের অভিযোগ, সরকার এই অসম চুক্তি বাস্তবায়নের পথে হাটছে, অথচ এর বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বক্তারা বলেন, দলের ভেতরের কালোবাজারি ও সুযোগসন্ধানীদের নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে কৃষক, মজুর ও শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ থেকে ইরি মৌসুমে ডিজেলের দাম কমানো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশ, কৃষকদের উৎপাদিত ফসলের সার্বজনীন বীমা চালু এবং ৬৫ বছরোর্ধ্ব কৃষক ও ক্ষেতমজুরদের জন্য স্থায়ী পেনশন ভাতা চালুর দাবি জানানো হয়।
