বাংলার ভোর প্রতিবেদক :
যশোর-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত চুড়ামনকাটি বাজারের ব্যবসায়ী, দোকানদার ও কর্মচারীরা দুই দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। রোববার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক ব্যবসায়ী ও কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি তুলে দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য জেলা ভূমি অধিগ্রহণ শাখা থেকে গত ৮ ও ৯ সেপ্টেম্বর চুড়ামনকাটি বাজারে ৮ ধারার নোটিশ জারি করা হলেও বাজারের বহু দোকানদার ও ব্যবসায়ী এখনো কোনো লিখিত নোটিশ পাননি।
মানববন্ধন থেকে উত্থাপিত ২ দফা দাবি হলো, চুড়ামনকাটি বাজারে যেসব ব্যবসায়ী এখনো ৮ ধারার নোটিশ পাননি, দ্রুত তাদের নোটিশ প্রদান ও ক্ষতিপূরণের আওতায় আনা ও কোনো ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনার আগেই সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মরত কর্মচারীদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা।
স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, তারা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের বিরোধী নন। তবে যথাযথ আলোচনা, ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও পুনর্বাসন ছাড়া হঠাৎ উচ্ছেদ করা হলে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এতে প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল সহস্রাধিক কর্মচারী কর্মহীন হয়ে পড়বেন এবং বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়বে।
উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের মানবিক দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
