বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি, এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শহিদুল তালুকদার (৩৪), সুজন তালুকদার (২৭) ও ঝন্টু খাঁ (২৮)।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে একটি ঘর থেকে তিনজনকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, ওই ঘরে মাদক সেবনের আসর বসেছিল। পরে শহিদুল তালুকদারের হেফাজত থেকে চার রাউন্ড পিস্তলের গুলি ও ২ লাখ ৭৯ হাজার টাকা এবং ঘটনাস্থল থেকে এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
