বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের কারবালা কবরস্থানে এক বৃদ্ধের মরদেহ দাফনে বাধা দেয়াকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সিতারামপুর গ্রামের আবুল কালাম আজাদের মরদেহ দাফনের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের মরদেহ দাফনের প্রস্তুতির সময় তার ভাগনী মাসুমার স্বজনেরা দাফনে বাধা দেন। তাদের দাবি, সম্পত্তির ক্ষেত্রে মাসুমাকে বঞ্চিত করা হয়েছে।
তবে আবুল কালাম আজাদের অন্য স্বজনেরা এ অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, যে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে, সেটি আবুল কালাম আজাদ নিলামের মাধ্যমে নিজেই কিনেছিলেন।
এছাড়া তার বাবার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি ভাই-বোনদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছিল বলেও দাবি করেন তারা।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মরদেহ সামনে রেখে স্বজনদের এমন বিরোধের ঘটনায় কবরস্থানে উৎসুক মানুষের ভিড় জমে।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে দাফনে বাধা দেয়া পক্ষ ঘটনাস্থল ত্যাগ করলে আবুল কালাম আজাদের মরদেহ কারবালা কবরস্থানে দাফন করা হয়।
