বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের সরকারি সিটি কলেজ মার্কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়।
‘আলী মোটরস’র চেয়ারম্যান জামাল শেখ শোরুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএফমোটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল করিম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএফমোটো বাংলাদেশের জেনারেল ম্যানেজার শামীম আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার ফজলে এলাহী তূর্য, সার্ভিস ম্যানেজার দ্বীপ শংকর, জোনাল সেলস ম্যানেজার আসিফ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া ‘আলী মোটরস’র ডিরেক্টর রিয়াজ শেখ,ও রিফাত শেখ এবং স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আয়োজনে সিএফমোটোর বিভিন্ন নতুন মডেলের মোটরসাইকেল ও বৈদ্যুতিক স্কুটার প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে এসআর ২৫০, এনকে ২৫০, এনকে ৩০০, এসআর ৩০০, সিএলসি ২৫০ এবং জিহো এইই ৭ বৈদ্যুতিক স্কুটারসহ অন্তত ১৫টি মোটরসাইকেল রাখা হয়। নতুন মডেলগুলো দেখতে মোটরসাইকেলপ্রেমী ও বাইকারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
পরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে যশোরসহ আশপাশের বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও বাইকার গ্রুপের অংশগ্রহণে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে যশোর রাইডার্স, ভ্যাসপা কমিউনিটি যশোর, ডেঞ্জারাস বাইক রাইডার্স, ক্ষুদ্র বাইক রাইডার্স, মহেশপুর বাইক, নাভারন বাইক রাইডার্স, লেডি বাইকার যশোরসহ অন্তত ২৫টি বাইকার গ্রুপ অংশ নেয়।
অনুষ্ঠানে সিএফমোটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সুমন নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে বিভিন্ন বিশেষ অফার ঘোষণা করেন। এর মধ্যে নির্দিষ্ট ফ্রি সার্ভিসিং, যন্ত্রাংশ ও মবিল কেনায় ছাড়, এক্সচেঞ্জ অফার এবং ক্যাশব্যাক সুবিধা রয়েছে বলে জানান তিনি।
রেজাউল করিম সুমন বলেন, মোটরসাইকেলপ্রেমীদের জন্য সিএফমোটো বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি আকর্ষণীয় বিভিন্ন মডেল এবং অত্যাধুনিক নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন মোটরসাইকেল গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে। যশোরে ‘আলী মোটরস’র মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত বিক্রয় ও সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
