বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপি সাংস্কৃতিক উৎসবের
সমাপনী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
এদিন কর্মসূচি শুরু হয় লাল জুলাইয়ের তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শনের মাধ্যমে। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ‘রংধনু শিল্পীগোষ্ঠী’, রূপদিয়ার ‘সূর্যোদয় শিল্পীগোষ্ঠী’ এবং ‘মুন্সী মেহেরুল্লাহ সাংস্কৃতিক সংসদ’-এর শিল্পীরা।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গীতিকার, সমাজ চিন্তক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক (সাবেক পরিচালক, তাইফুন শিল্পীগোষ্ঠী) অধ্যাপক সাইফুল আরেফীন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এবং যশোর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক। এতে সভায় সভাপতিত্ব করেন যশোর সংস্কৃতি কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা।

