বাংলার ভোর প্রতিবেদক :
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে যশোরে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধনের পর সকাল ৯টায় যশোর কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌর প্রশাসক রফিকুল হাসানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কাস্টট, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় জেলা প্রশাসক জানান, সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসাবে যশোর জেলায় আগামী ৩ মাস চলবে এ অভিযান। শহরে চারটি দল হয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কাজ করবে। একইভাবে উপজেলা পর্যায়েও বিভিন্ন দলে গঠন করে পরিচ্ছন্নতার অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, শুধু এই তিন মাসই নয়, ডেঙ্গু নির্মুল না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত একদিন হলেও সকল দপ্তর ও এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা, মণিহার, হাসপাতালসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন দলের সদস্যরা।
