বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বেলঅ ১১টার দিকে এ অভিযান শুরু হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শোয়াইব হোসেন আকন্দ (সিও) ম্যাজিস্ট্রেট, যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন এবং ইঞ্জিনিয়ার কামাল হোসেনসহ সংশ্লিষ্টরা।
অভিযানের অংশ হিসেবে গরীব শাহ রোডে অবৈধভাবে স্থাপিত ইজিবাইক মালিক সমিতির কার্যালয় সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দেয়া হয়। সংশ্লিষ্টদের বিকেল ৫টার মধ্যে নিজ দায়িত্বে স্থাপনাটি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
পৌরসভা সূত্রে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাটি সরিয়ে না নিলে পরবর্তী সময়ে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সে ক্ষেত্রে পৌরসভার তত্ত্বাবধানে স্থাপনাটি অপসারণ করা হতে পারে। অভিযানকালে সড়ক ও ভৈরব নদের পাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণের বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
