বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) ও সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের যশোর পর্বে চ্যাম্পিয়ন হয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে যশোর জিলা স্কুল।
চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন ইফফাত জামান রায়া, রুপন্তী ও দেবলিনা। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রানার্সআপ দলের দলনেতা সাফওয়ান। দলটির অপর দুই বিতার্কিক হলেন অভ্র ঘোষ ও সাবিত।
উৎসবমুখর পরিবেশে বুধবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবিতর্ক প্রতিযোগিতা। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সমকাল সুহৃদ সমাবেশ যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক হারুন অর রশিদ, যশোর চেম্বার অব কর্মাসের যুগ্ম সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমির প্রকাশক-সম্পাদক এজাজ উদ্দিন টিপু।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বাকি প্রতিষ্ঠানগুলো হলো যশোর কালেক্টরেট স্কুল, এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর সরকারি শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, যশোর ইসলামিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, বিএএফ শাহিন স্কুল এন্ড কলেজ।
দিনব্যাপি উৎসবের বিভিন্ন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন হারুন অর রশিদ, হাবিবুর রহমান মিলন, আসিফ আকবর নিপপন, হাবিবুর রহমান রিপন, বায়েজিদ মাহমুদ অভি, তাসনিমুল আলম, সুকান্ত দাস।
