বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলায় মানব পাচার প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দানবীর হাজী দানেশ মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শেখ রাকিবুল ইসলাম নয়ন ও নেটওয়ার্কের সদস্য শাহাজান নান্নু।
সহকারী শিক্ষক মো. রাসেল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মণ্ডল, সহকারী শিক্ষক এসএম সোহেল রানা ও মাহফুজুর রহমান, সিটিপি অ্যাক্টিভিস্ট শামসুজ্জামান স্বজন এবং শাহাদ মাহমুদ।
ক্যাম্পেইনে মানব পাচারের বর্তমান ধরন, পাচারকারীদের বিভিন্ন কৌশল এবং নিরাপদে বিদেশ যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় বিদেশগামী ব্যক্তিরা কীভাবে মানব পাচারের শিকার হন, সে বিষয়ে সচেতনতামূলক একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ‘একমাত্র সচেতনতাই পারে মানব পাচার প্রতিরোধ করতে’ শীর্ষক বিষয়ের পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক শপথ পাঠ করানো হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।
