বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে কলসে লুকিয়ে রাখা ১৩১ বোতল ভারতীয় উইন কোরেক্স উদ্ধার করেছে র্যাব-৬। এ ঘটনায় মো. মশিউল আলম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, শংকরপুর ছোটনের মোড় এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন .. ..
অভিযানকালে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে র্যাব সদস্যরা একটি সন্দেহজনক স্থান চিহ্নিত করেন। পরে ওই স্থানে মাটি খুঁড়ে একটি কলস উদ্ধার করা হয়। কলসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইন কোরেক্স পাওয়া যায়।
এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মো. মশিউল আলম (৫০)-কে আটক করা হয়। তিনি যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার মৃত তফসির উদ্দিন বিশ্বাসের ছেলে।
অভিযানটি পরিচালনা করেন যশোর র্যাব-৬ এর কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে একটি আভিযানিক দল।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

