বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)’র বিশেষ অনুদানে এবং প্রেরণা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার বাস্তবায়নে যশোরে ১৪ জন দুস্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন বিতরণ শেষে উপকারভোগীদের স্বাবলম্বী করে তুলতে একটি তিন মাসব্যাপি সেলাই প্রশিক্ষণ কোর্সেরও উদ্বোধন করা হয়।
শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী। তিনি তার বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং নিজেদের পাশাপাশি পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
অনুষ্ঠানে ধারা’র নির্বাহী পরিচালক লিপিকা দাস গুপ্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনএফ’র নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, যশোর শহর সমাজসেবা কর্মকর্তা সেলিম রেজা, জেডি’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির এবং সেভিয়ারের কো-অর্ডিনেটর সাইফুদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেরণা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সমন্বয়কারী রত্না ব্যানার্জী। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত নারীদের কারিগরি দক্ষতায় রূপান্তর করে স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

