Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা হাবিবুল্লাহ’র নেতৃত্বে বালু লুট অব্যাহত: প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
  • কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ
  • শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
  • যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা
  • প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার
  • যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যুবদল নেতা হাবিবুল্লাহ’র নেতৃত্বে বালু লুট অব্যাহত: প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

banglarbhoreBy banglarbhoreNovember 12, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ, প্রশাসনের আশ্বাস, হাইকোর্টের পূর্ববর্তী আদেশের বিষয়টি সামনে আসা এবং অভিযান পরিচালনার পরও থামেনি বালু উত্তোলন ও বাণিজ্য। বরং স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে নদীর বুক চিরে ড্রেজার মেশিন ও কার্গোর মাধ্যমে বালু উত্তোলন করে দিনের আলোয় চলছে প্রকাশ্য বিক্রি।

এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে,প্রশাসনের একের পর এক আশ্বাস ও অভিযানের পরও কেন বন্ধ হচ্ছে না রাষ্ট্রীয় সম্পদ লুটের অভিযোগে অভিযুক্ত এই কর্মকাণ্ড? নাকি অভিযানের খবর আগেভাগেই পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্ট চক্রের কাছে? স্থানীয়দের অভিযোগ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার মেশিন ও বলগেট ব্যবহার করে বালু উত্তোলন করছে।

উত্তোলিত বালু কার্গোযোগে এনে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারসংলগ্ন জামান ইটভাটার পাশে অন্তত ৮ থেকে ১০টি পয়েন্টে স্তূপ করে রাখা হচ্ছে। পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বালু বিভিন্ন স্থানে প্রতি ঘনফুট প্রায় ৭ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

এ নিয়ে গত ৪ নভেম্বর ‘খোলপেটুয়া-কপোতাক্ষের বুকে বালু লুটের মহোৎসব’, ৮ নভেম্বর ‘খোলপেটুয়া-কপোতাক্ষের বুকে বালু লুট অব্যাহত: পানি সম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা’ এবং ১০ নভেম্বর ‘হাইকোর্টের আদেশ উপেক্ষা করে খোলপেটুয়া-কপোতাক্ষে বালু লুট অব্যাহত: নীরব প্রশাসন’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনগুলোতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, সংশ্লিষ্ট চক্রের তৎপরতা, উপকূলীয় বেড়িবাঁধের ঝুঁকি এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব তুলে ধরা হয়। কিন্তু ধারাবাহিক সংবাদ প্রকাশের পরও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি। বরং নতুন করে সামনে এসেছে অভিযানের আগেই কার্গো ও ড্রেজার সরিয়ে নেওয়ার অভিযোগ।

অভিযানের আগেই উধাও কার্গো-ড্রেজার!-স্থানীয় একাধিক সূত্রের দাবি, গত ৯ নভেম্বর সন্ধ্যায় হাবিবুল্লাহর নেতৃত্বে ৮ থেকে ১০টি কার্গো ও ড্রেজার মেশিন ব্যবহার করে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর তলদেশ থেকে বালু উত্তোলন শুরু হয়। এ সময়ের কয়েকটি দৃশ্য গণমাধ্যমকর্মীরা ভিডিওতে ধারণ করেন। ভিডিও ফুটেজ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং খুলনা বিভাগীয় কমিশনারের হোয়াটসঅ্যাপেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর ৯ নভেম্বর রাতে নওয়াবেঁকী বাজারসংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে শ্যামনগর উপজেলা প্রশাসন। অভিযানে পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতি থাকলেও ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত কোনো কার্গো কিংবা ড্রেজার মেশিন জব্দ করা সম্ভব হয়নি। এমনকি অবৈধভাবে মজুত করা বালুও জব্দ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, প্রশাসনের অভিযান পরিচালনার আগেই নদীতে থাকা কার্গো ও ড্রেজার মেশিন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার অভিযোগ। স্থানীয়দের দাবি, অভিযানের খবর আগেভাগেই বালু উত্তোলনকারীদের কাছে পৌঁছে যায়। ফলে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সরঞ্জাম সরিয়ে নেওয়ার সুযোগ পান। স্থানীয়দের প্রশ্ন, অভিযান শুরুর আগেই যদি অভিযানের খবর অপরাধীদের কাছে পৌঁছে যায়, তাহলে সেই অভিযানের কার্যকারিতা কোথায়? কারা আগাম খবর পৌঁছে দিচ্ছে? প্রশাসনের অভিযানের তথ্য কীভাবে সংশ্লিষ্ট চক্রের হাতে যাচ্ছে, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযান হয়েছে, কিন্তু জব্দ নেই; জরিমানাও নেই! ৯ নভেম্বর রাতের অভিযানের পরও বালু উত্তোলন ও বিক্রি বন্ধ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযানটি অনেকটাই লোকদেখানো হয়ে গেছে। কারণ অভিযানে কোনো কার্গো, ড্রেজার মেশিন কিংবা বালুর স্তূপ জব্দ হয়নি। কাউকে আটক বা জরিমানা করা হয়েছে বলেও তাঁরা জানতে পারেননি। তাঁদের দাবি, শুধু নদীতে বালু উত্তোলনের স্থানগুলোতে অভিযান চালালেই হবে না; নওয়াবেঁকী বাজার এলাকায় অবৈধভাবে মজুত ও বিক্রি হওয়া বালুও জব্দ করতে হবে। উত্তোলিত বালুর মজুত, পরিবহন ও বিক্রির চেইন ভেঙে দেওয়া না গেলে এ বাণিজ্য বন্ধ করা কঠিন। এখানেই সামনে আসছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন—বৈধ বালুমহাল ঘোষণা বা ইজারা না থাকলে এসব বালু কোথা থেকে আসছে? কারা উত্তোলন করছে? কোন বৈধতার ভিত্তিতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে? সংশ্লিষ্ট প্রশাসন কি এসব বালুর উৎস, মজুত ও বিক্রির হিসাব যাচাই করেছে?।

প্রশাসনের সঙ্গে যোগসাজশের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি: স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, হাবিবুল্লাহর নেতৃত্বাধীন চক্রের সদস্য মামুনের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত যাতায়াত রয়েছে। তাঁদের আরও অভিযোগ, প্রত্যন্ত উপকূলীয় এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অর্থের একটি অংশ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়া হয়।

এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের নাম উল্লেখ করেও অর্থ ভাগ-বাটোয়ারার অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় ব্যক্তি। অভিযোগের বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। যদিও ইউএনও শামসুজ্জাহান কনক এর আগের বক্তব্যে টাকার বিনিময়ে ম্যানেজ হওয়ার বিষয়টি অস্বীকার করেন।

অভিযোগগুলো সামনে আসার পর স্থানীয়দের মধ্যে প্রশ্ন আরও জোরালো হয়েছে—প্রশাসনের নির্দেশনা, অভিযান ও আশ্বাসের পরও যদি অবৈধ বালু উত্তোলন বন্ধ না হয়, তাহলে এর পেছনে প্রকৃত কারণ কী? প্রশাসনের কেউ জড়িত না থাকলে অভিযানের আগাম খবর ফাঁস হওয়ার অভিযোগের উৎস কোথায়?।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, অভিযানের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এবং বালু উত্তোলনকারী চক্রের ভূমিকা নিরপেক্ষ তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ ও প্রতিবাদ: প্রশাসনের অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা স.ম. মুজাহিদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে ৯ নভেম্বর রাতে নওয়াবেঁকী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনার বিষয়টি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযানকালে পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত থাকলেও খবর পেয়ে বালু উত্তোলনকারীরা নিরাপদে সরে যাওয়ায় কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

একই স্ট্যাটাসে তিনি পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে বালু উত্তোলনের অভিযোগ তুলে উপকূলবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্যের সারকথা—এভাবে আর কত দিন ঝুঁকির মধ্যে থাকতে হবে উপকূলের মানুষকে?। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আনিস সুমন নামে এক গণমাধ্যমকর্মী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার আহ্বান জানিয়ে লিখেছেন,“সাতক্ষীরা জেলায় কোন বালু মহলের ডাক না থাকার পরও জেলা পর্যায়ের বড় কর্মকর্তাদের ম্যানেজ করে, কতিপয় অসাধু ব্যক্তি নদী ভাঙ্গন এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে, শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজারের পাশে বালুর স্তুপ করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

জাতীয় দৈনিক সহ কয়েকটি পত্রিকায সংবাদ প্রকাশিত হওয়ায় পর গত ৯ নভেম্বর সন্ধ্যায় বালুর স্তুপে হানা দিয়েছে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, শুধু হানা দিলে হবেনা অবৈধভাবে উঠা বালুগুলো নিলামের ব্যবস্থা করতে হবে। শ্যামনগর উপজেলায় সাবেক সহকারী কমিশনার ভূমি শ্যামনগরে যোগদান করেই নওয়াবেকী বাজার এলাকায় এক অবৈধ বালুখোরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেন।

এর পর ওনার বদলির অডার হলো। ২ মাসও শ্যামনগরে থাকতে পারেন নাই উনি। কারণ অবৈধভাবে তোলা বালু খোরদের হাত অনেক লম্বা।” সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, বিষয়টি এখন শুধু বালু উত্তোলন কিংবা বেচাকেনার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি উপকূলীয় জনপদের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ এবং প্রশাসনিক জবাবদিহির প্রশ্নে পরিণত হয়েছে। কারা চালাচ্ছে বালু উত্তোলনের এই সিন্ডিকেট? স্থানীয় সূত্র ও পূর্ববর্তী অনুসন্ধানে এই কর্মকাণ্ডের কথিত মূল হোতা হিসেবে হাবিবুল্লাহর নাম উঠে এসেছে।

তিনি শ্যামনগর উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালাক্ষী গ্রামের জনাব আলী গাজীর ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার সহযোগী হিসেবে স্থানীয়দের অভিযোগে জামান, সাম্পান, বিল্লাল, সোহেল, মুজিবর, মুছা, নুর ইসলাম, রনি, জনি, মনির ও মামুনের নাম উঠে এসেছে। এর আগে বিভিন্ন কার্গো ও ড্রেজার মেশিনের মালিকদের নামও অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে।

নদীভাঙন ও বেড়িবাঁধ বিপর্যয়ের আশঙ্কা: খোলপেটুয়া ও কপোতাক্ষ নদ শুধু পানিপ্রবাহের মাধ্যম নয়; শ্যামনগরের বিস্তীর্ণ উপকূলীয় জনপদের জীবন, জীবিকা ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে অতিরিক্ত বালু উত্তোলন করা হলে নদীর স্বাভাবিক তলদেশের গঠন, স্রোতের গতিপথ এবং নদীতীরের স্থিতিশীলতায় বিরূপ প্রভাব পড়তে পারে। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের উদ্বেগ, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ি ও আটুলিয়াসহ নদীবেষ্টিত এলাকার বসতবাড়ি, ফসলি জমি, মৎস্যঘের এবং উপকূল রক্ষার বেড়িবাঁধ হুমকির মুখে পড়তে পারে।

একদিকে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার করছে, অন্যদিকে সেই নদীর তলদেশ থেকেই অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠছে। ফলে রাষ্ট্রীয় অর্থে নির্মিত উপকূলীয় সুরক্ষাব্যবস্থার স্থায়িত্ব নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বালুমহাল আইনের প্রয়োগ কোথায়?- বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী নির্ধারিত শর্ত ও অনুমোদন ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ড, অর্থদণ্ড এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দের সুযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট নদীগুলোতে বৈধ বালুমহাল বা ইজারা না থাকলে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। শুধু নদীতে অভিযান পরিচালনা করলেই হবে না। উত্তোলিত বালুর মজুত, পরিবহন, বিক্রির স্থান, কার্গো ও ড্রেজার মেশিনের মালিকানা এবং আর্থিক লেনদেনও তদন্তের আওতায় আনতে হবে।

একই সঙ্গে অবৈধভাবে মজুত করা বালুর উৎস ও মালিকানা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ জরুরি। আশ্বাস নয়, এবার দৃশ্যমান ব্যবস্থা চান উপকূলবাসী,প্রথম সংবাদ প্রকাশের পর বিভাগীয় কমিশনার অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছিলেন।

পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয়। কিন্তু ধারাবাহিক সংবাদ প্রকাশ এবং অভিযান পরিচালনার পরও যদি বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত থাকে, তাহলে এসব আশ্বাসের বাস্তব প্রতিফলন কোথায়—এ প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে। স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বালু উত্তোলনের পয়েন্টগুলোতে আকস্মিক ও কার্যকর অভিযান পরিচালনা করতে হবে।

অবৈধভাবে ব্যবহৃত কার্গো ও ড্রেজার মেশিন জব্দ, মজুত করা বালু আটক এবং বিক্রির কার্যক্রম বন্ধ করতে হবে। একই সঙ্গে প্রশাসনের অভিযানের তথ্য কীভাবে আগেভাগে ফাঁস হচ্ছে, অর্থ ভাগ-বাটোয়ারার অভিযোগের সত্যতা কতটুকু এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারও যোগসাজশ রয়েছে কি না, তা উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

উপকূলবাসীর প্রশ্ন, রাষ্ট্রীয় সম্পদ লুটের অভিযোগে অভিযুক্তরা যদি দিনের পর দিন নির্বিঘ্নে বালু উত্তোলন ও বিক্রি করতে পারেন, তাহলে প্রশাসনের অভিযান ও আইন প্রয়োগের কার্যকারিতা কোথায়? নদী রক্ষার দায়িত্ব যাঁদের, তাঁদের বারবার আশ্বাসের পরও যদি বাস্তবে বালু উত্তোলন বন্ধ না হয়, তাহলে উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে? এখন আর শুধু আশ্বাস নয়, প্রয়োজন দৃশ্যমান ব্যবস্থা, নিরপেক্ষ তদন্ত এবং কার্যকর জবাবদিহি।

অন্যথায় খোলপেটুয়া ও কপোতাক্ষের তলদেশ থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ একসময় শ্যামনগরের উপকূলীয় জনপদের পরিবেশ, জননিরাপত্তা ও অস্তিত্বের জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

    November 12, 2026

    বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

    November 12, 2026

    সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ

    November 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.