রামপাল সংবাদদাতা :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাগেরহাটের রামপালে ভ্যানরিকশায় প্রচারাভিযান ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি প্রচারাভিযানের উদ্বোধন করেন। নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ কর্মসূচির আয়োজন করে।
একই সময়ে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আরেকটি প্রচারাভিযান উদ্বোধন করেন খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুজিবর হোসেন জোয়ারদার।
প্রচারাভিযানে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন জনসমাগমস্থলে ছয়টি পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, কার্যনির্বাহী সম্পাদক মোজাফফর হোসেনসহ নাগরিক ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
আয়োজকেরা জানান, ‘নাগরিক’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়নে জিএফএ কনসাল্টিং গ্রুপ, মানুষের জন্য ফাউন্ডেশন ও উই ক্যান সহযোগিতা করেছে।
প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচি পালিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল, ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি। সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’
