রামপাল সংবাদদাতা
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় রামপালে সাতশত শির্ক্ষাথী পেল চারা।
রোববার দুপুর ২ টায় উপজেলার ঐতিহ্যবাহী ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে চারা বিতরণ করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য আজাহার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাটোয়ারী হালিম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যার অভ্যাস শৈশব থেকেই পরিবেশপ্রেমী নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।
প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের বিতরণকৃত গাছের চারা সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

