লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ার মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মিসকান সরদারকে কুপিয়ে হত্যা করে। হত্যার প্রধান অভিযুক্ত ইউপি সদস্য শহীদুল মোল্যাকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত শহীদুল মোল্যা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৬ এর একটি দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনার লবণচরা থানা পুলিশের সহযোগিতায় তার ভায়রাভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে শহীদুল মোল্যাকে গ্রেফতার করে। পরে তাকে লোহাগড়া থানায় আনা হয়।
উল্লেখ্য, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত ৮ সেপ্টেম্বর সকালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মিসকান সরদারকে কুপিয়ে হত্যা করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান শুক্রবার বিকেলে ইউপি সদস্য শহীদুল মোল্যার গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন। তবে এ হত্যা ঘটনায় এখনও থানায় কোন মামলা দায়ের হয়নি।
