বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেছেন লক্ষ্য কেবল বিসিএস ক্যাডার নয়, নিজেকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। লক্ষ্য যদি হয় কেবল বিসিএস ক্যাডার হওয়া, তাহলে মানসিকতায় পূর্ণতা আসবে না। নিজের সাফল্য নিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে হবে।
শনিবার যশোর শিক্ষা ট্রাস্ট কর্তৃক জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে চান। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে শিক্ষা বিস্তারে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন এবং যার বাস্তবায়ন শুরু হয়েছে। শিক্ষা গ্রহণে রাষ্ট্র যে অবদান রাখছে, সেটি পরিশোধের দায় রয়েছে।
চাকুরি এবং পরিবারের উন্নয়নের কথা ভাবলে হবে না, কাজের মাধ্যমে রাষ্ট্রের ঋণ পরিশোধ করতে হবে। কারণ রাষ্ট্র চলে কৃষক শ্রমিকের ঘাম ঝরানো অর্থে।
সেই কৃষক শ্রমিকের কাজের মূল্য দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলা ধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তামান্না নুরা প্রমুখ। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ২০০ শিক্ষার্থীর মাঝে ৬ লাখ টাকা প্রদান করা হয়।
