শ্যামনগর সংবাদদাতা :
‘উপকূলীয় জনপদ, হতে হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে ও সেক্রেটারি এসএম মোস্তফা কামালের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মো. মনিরুজ্জামান।
সভায় সাংবাদিকেরা উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন, বেড়িবাঁধের স্থায়ী সংস্কার, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পর্যটন শিল্পের বিকাশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন।
প্রধান অতিথি ড. মনিরুজ্জামান বলেন, আগামী পাঁচ বছর অনেক বিষয়ে পিছিয়ে থাকার আশঙ্কা থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করা হবে।
তিনি বলেন, খুব শিগগিরই শ্যামনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পর্যটন কেন্দ্রের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির নেতা আশেক ইলাহি মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সোলাইমান কবীর, সহ সভাপতি আবু সাঈদ, বিএনপি নেতা লিয়াকত আলী বাবুসহ স্থানীয় নেতারা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুস সামাদ ঢালী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান প্রমুখ।

