শ্যামনগর সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগরে আতিয়ার রহমান (৭২) ও ফতেমা বিবি (৬৫) নামে বয়স্ক দুই নর-নারীকে পিটিয়ে জখম করেছে তাদের আপন দুই ভাইপো। শুক্রবার সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দেউলদিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
দুই পরিবারের সীমানায় থাকা আতিয়ার রহমানের মালিকানাধীন গাছ কাটতে বাধা দেয়ায় বৃদ্ধ চাচা-চাচীকেকে মারধর করা হয় বলে অভিযোগ। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ফতেমা বিবিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃদ্ধ আতিয়ার তার আপন দুই ভাইপোর বিরদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
আতিয়ার রহমান জানান, প্রায় ৪০ বছর পূর্বে থেকে দুই পরিবারের সীমানা বরাবর তার নিজ হাতে রোপণকৃত কয়েকটি ফলজ ও বনজ উদ্ভিদ আছে। ভাইপো আনিছুর ও বাবলু হঠাৎ শুক্রবার সকালে সীমানায় থাকা ছোট গাছগুলো উপড়ে ফেলে ও বৃহদাকারের তিনটি মেহগনি গাছসহ সাতটি ফলজ গাছ কেটে দেয়। বাঁধা দিতে গেলে স্ত্রীসহ তাকে মারপিট করা হয়।
এ সময় ইউপি সদস্য জাফর হোসেনের স্মরণাপন্ন হলে তিনি ঘটনাস্থলে পৌছে গাছ কাটতে নিষেধ করেন। তবে ইউপি সদস্য ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পরপরই আনিছুর ও বাবলুর নেতৃত্বে ৭/৮ জন সেখানে পৌঁছে সব গাছগাছালি কেটে ফেলে। এ ঘটনায় তিনি আইনের দ্বারস্থ হয়েছেন।
আতিয়ার রহমান আরও জানান, আনিছুর বিগত ফ্যাসিস্ট সরকার আমলে দলীয় প্রভাব খাঁটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে আনিছুর এখন বিএনপি নেতাদের উপর ভর করেছে।
অভিযুক্ত আনিছুর রহমান জানান তিনি নিজে মাপ জরিপ করে জমির মালিকানার বিষয়টি নিশ্চিত হয়েছিলেন। সে কারণে নিজের অংশে থাকা গাছ তিনি কেটে নিয়েছেন।

