বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে যশোর জেলা আইনজীবী সমিতিতে নবযোগদানকৃত আইনজীবীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর জেলা আইনজীবী সমিতি ভবন-১-এর হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
প্রধান অতিথির অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে অগণিত মানুষ রক্ত দিয়েছে মানুষের মুক্তি ও অধিকারের জন্য। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরেও কাক্সিক্ষত লক্ষ্যে না পৌঁছানোর মূল কারণ দুর্নীতি ও স্বজনপ্রীতি। ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে দুর্নীতিকে ‘না’ বলে দেশপ্রেম জাগ্রত করতে পারলেই একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব।’
অনুষ্ঠানে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশের-১ আসনের সাংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-২ আসনের সাংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী রবিউল ইসলাম, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট অজিউর রহমান।
অনুষ্ঠানে নবাগত ৭৮ জন আইনজীবীকে ফুল, ক্রেস্ট ও বই দিয়ে বরণ করে নেয়া হয় এবং তাদের পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

