মাগুরা সংবাদদাতা
মাগুরায় সাকের হোসেন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষকদল। একই সঙ্গে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার মাগুরা নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লাবু এবং সহসভাপতি সুজন আলী বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় নেতারা সাকের হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বন্ধের আহ্বান জানান তারা।
