বাংলার ভোর প্রতিবেদক
সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে যশোর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর শাখার ২য় প্রান্তিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির মোট ৬৯ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান লাভ করেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ ও উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পঠনপাঠনের অগ্রগতি ও মান মূল্যায়নের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই ২য় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে যশোর শাখা থেকে ৬৯ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে মেধাতালিকায় জায়গা করে নেয়, যা শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক ফল বলে মনে করছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর সারাফাত হোসাইন বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আমরা নিয়মিত পাঠদান, ধারাবাহিক মূল্যায়ন এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিয়ে আসছি।
দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় ৬৯ শিক্ষার্থীর মেধাতালিকায় স্থান পাওয়া সকলের সম্মিলিত প্রচেষ্টারই ফসল। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার শিক্ষা দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
নির্বাহী সচিব গাউসুল আজম বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের চরিত্র ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটানোই আসল উদ্দেশ্য। এই লক্ষ্য সামনে রেখেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।” অভিভাবক হাবিবুর রহমান বিপ্লব ও হুমায়ুন কবির তাদের প্রতিক্রিয়ায় জানান, বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর রাখেন এবং নৈতিকতা ও শৃঙ্খলাবোধের ওপর বিশেষ জোর দেন। এত বিপুল সংখ্যক শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পাওয়ায় তারা শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, নিয়মিত একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম পরিচালনা এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দেয়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও আগ্রহ তৈরি হয়েছে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (অ্যাডমিন) মোস্তফা কামাল, পরিচালক (ফাইন্যান্স) রেজওয়ান হোসেন, পরিচালক আজিজুর রহমান মশিউর, হাসানুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
