বাংলার ভোর প্রতিবেদক
প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন তার ভক্তরা। বৈরি আবহাওয়া উপেক্ষা করে রোববার সকালে মিছিল নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে জড়ো হন সালমান ভক্তরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে পরিচিত খলনায়ক ডনকে আটক করা হয়েছে। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন এখনো আইনের আওতায় আসেননি বলে দাবি করেন তারা।
বক্তারা মামলার সঙ্গে সংশ্লিষ্ট সামিরা, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান।
কাঠেরপুল যুব সংঘের সহযোগিতায় আয়োজিত এ মানববন্ধনে শতাধিক সালমান ভক্ত অংশ নেন।
সমাবেশে কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া বলেন, “সালমান শাহ হত্যার বিচারের দাবিতে আমরা বছরের পর বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছি। বিভিন্ন সরকারের সময় আমরা আমাদের দাবি জানিয়েছি। কিন্তু দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত বিচার পাইনি।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার প্রধান তারেক রহমানের সময়ে সালমান শাহ হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে ডনকে আটক করা হয়েছে। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে মামলার অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন সালমান ভক্ত তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার, পল্লব দাসসহ অনেকে।
উল্লেখ্য, যশোরের সালমান ভক্তরা দীর্ঘদিন ধরে তার মৃত্যুবার্ষিকীতে হত্যার বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল।
এছাড়া প্রতিবছর ১৯ সেপ্টেম্বর সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে কেক কাটা, খেলাধুলা ও সিনেমা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন তার ভক্তরা। এবারও মানববন্ধন থেকে আগামী জন্মদিনে নানা কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।
