শ্যামনগর সংবাদদাতা
সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও কর্তব্যরত সাংবাদিকবৃন্দ। সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে জীবনাশের হুমকিদাতার গ্রেফতার এবং সাংবাদিক আজিম হোসেনের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়এ সময়।
রোববার বেলা ১১ টায় বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপি এই মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। সাংবাদিক আব্দুল আহাদের সঞ্চালনায় এ মানবন্ধনে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।
এ সময় আরও বক্তব্য রাখেন ডিবিসি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম, বেলাল হোসাইন, চ্যানেল নাইন জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাব সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহুদা মালী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কল্যাণ ব্যানার্জি বলেন, “সাংবাদিকরা জনগণের কথা বলে। তাদের উপর হামলা-মামলা হলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে। প্রশাসনের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনুন।” অন্যথায় শ্যামনগরের সকল সাংবাদিক কর্মবিরতি ও বৃহত্তর আন্দোলনে যাবে। কলমের বিরুদ্ধে অস্ত্র ধরলে সাংবাদিক সমাজসহ শ্যামনগরের মানুষ তা মানবে না।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে ছামিউল আযম মনির বলেন, “সাংবাদিক মিজানকে প্রকাশ্যে হুমকি দেয়া মানে শ্যামনগরের সকল সাংবাদিককে হুমকি দেয়া। আর আজিমের নামে মামলা দিয়ে কলমকে থামানো যাবে না। অবিলম্বে মামলা প্রত্যাহার ও হুমকিদাতাদের গ্রেফতার করতে হবে।

