বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘খুলনা বিভাগীয় মুফাচ্ছির সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও বিভাগীয় পর্যায়ের নতুন কমিটি গঠন ও সংবর্ধনা প্রদান করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক। তিনি তার বক্তব্যে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “সুন্দর ও সুশৃঙ্খলভাবে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। নবনির্বাচিত নেতৃত্ব জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে দ্বীন ও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হবেন বলে আমরা আশাবাদী। নতুন ও পুরোনো সব নেতৃত্ব মিলে সমাজকে সঠিক ও খাঁটি কোরআনের আলোয় আলোকিত করবেন।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর-০৬ আসনের সংসদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা আলেমদের মর্যাদা ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আলেমরা নবীদের ওয়ারিশ। আমাদের মূল সম্পদ হলো ‘এলেম’ বা জ্ঞান। নবীদের রেখে যাওয়া মিশন ও ভিশন বাস্তবায়ন করাই আলেমদের প্রধান দায়িত্ব।
তিনি সূরা নাহল ও সূরা জুমআর বিভিন্ন আয়াত উদ্ধৃত করে আরও বলেন, “আল্লাহর ইবাদত করা, তাগুতকে বর্জন করা এবং সমাজকে সতর্ক করার পাশাপাশি সামাজিক নেতৃত্ব দেওয়া আলেমদের দায়িত্ব। একই সাথে একশ্রেণির অনাকাক্সিক্ষত ভাষার প্রয়োগ থেকে বিরত থেকে সকলকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আল্লামা সাঈদী (রহ.)-এর জীবন ও কারাবাসের কথা উল্লেখ করে তাঁর দুটি প্রধান মিশন-‘কোরআনের প্রচার’ ও ‘কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করা’-বাস্তবায়নে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দীন আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর সিদ্দীক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী।
সম্মেলনে বক্তারা ইসলামের সঠিক বার্তা প্রচার, উলামায়ে কেরামের মর্যাদা রক্ষা এবং দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে বক্তব্যের জিহাদ (লিসান) ও সর্বাত্মক প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেন।
সম্মেলনে খুলনা বিভাগীয় সভাপতি নির্বাচিত হন মাওলানা ইব্রাহিম খলিল। এ ছাড়াও খুলনা বিভাগের দশ জেলার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের নবনির্বাচিত সভাপতি নাম ঘোষণা করা হয়। তারা হলেন খুলনা মহানগরী সভাপতি মাওলানা মনিরুজ্জামান, খুলনা জেলা মাওলানা আব্দুস সালাম রাশেদী, সাতক্ষীরা মাওলানা মনিরুল ইসলাম, যশোর মাওলানা জুলফিকার আল মাহমুদ, ঝিনাইদহ মাওলানা আক্তারুজ্জামান, নড়াইল মুফতী ওবাইদুজ্জামান, কুষ্টিয়া মাওলানা জুলফিকার, চুয়াডাঙ্গা মাওলানা আবু বকর শিকারী, মেহেরপুর মাওলানা জাহাঙ্গীর আলম, বাগেরহাট মাওলানা রুহুল আমীন।

