বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী এলাকায় পূর্ব শত্রুতা ও পাওনা টাকাকে কেন্দ্র করে আরিফুল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে অস্ত্রের মহড়া দিয়ে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে পতেঙ্গালী এড়েন্দা এলাকার ফাঁকা মাঠে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী আরিফুল আলম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে ২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন, পতেঙ্গালী গ্রামের রাব্বি হোসেন (২০) এবং একই এলাকার জয়নাল হোসেন শান্ত (২৫)।
অভিযোগ লেখা হয়েছে, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে এরেন্দা এলাকার একটি ফাঁকা মাঠে রাব্বির সাথে আরিফুল আলমের দেখা হয়। এ সময় রাব্বি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার উদ্দেশ্যে পকেট থেকে একটি পিস্তল বের করে গুলি করার হুমকি দেয়। আত্মরক্ষার্থে আরিফুল আলম তাৎক্ষণিক রাব্বিকে জড়িয়ে ধরলে ধস্তাধস্তির একপর্যায়ে পিস্তল থেকে ৪টি তাজা গুলি নিচে পড়ে যায়। পরবর্তীতে তিনি সেখান থেকে কোনোমতে জীবন বাঁচিয়ে বাড়িতে ফিরে আসেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পেছনের মূল অস্ত্র সরবরাহকারী হিসেবে ২ নং অভিযুক্ত জয়নাল হোসেন শান্ত জড়িত। যিনি এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আসছিলেন।
ভুক্তভোগী আরিফুল আলম জানান, ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তরা যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন। অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত রাজনতিক দল ছাত্রলীগের সক্রিয় ক্যাডার।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান খান বলেন, আমরা অভিযোগের বিষয়টি তদন্ত করছি। তদন্তের পর আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

