কোটচাঁদপুর-সংবাদদাতা
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি।
এ সময় তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একশ’ শয্যা বিশিষ্ট নতুন ভবন চালুর বিষয় নিয়ে খোঁজ খবর নেন এবং নতুন ভবনটি ঘুরে দেখেন।
এ সময় তিনি রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের কথা শোনেন। এছাড়াও হাসপাতালের রান্না করা খাবার মুখে নিয়ে খাবারের স্বাদ পরীক্ষা করেন।
রোগীদের ওয়ার্ডের বাথরুম, স্টোর রুম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে কিনা তা খুঁজে দেখেন। মন্ত্রীর স্বল্প সময়ের এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালজুরে শুরু হয় দৌড়ঝাঁপ।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বলেন, শীঘ্রই একশ’ শয্যা হাসপাতালের ভবনটি চালুর ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালে অনেক সমস্যা আছে। তবে এগুলো সমাধান করতে সময় লাগবে।
তিনি বলেন, স্বল্প সংখ্যক ডাক্তার নিয়ে চলছে এই হাসপাতালটি। তারপরও তারা ভাল করছেন, সব ডাক্তার ও নার্সদের উপস্থিতি, খাবারমান ও চিকিৎসার মান নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। আগামীতে হাসপাতালটির সকল সমস্যার সমাধান করে যেন আরো ভালো চলে সেই ব্যপারে তিনি কাজ করবেন বলে জানান।

