অভয়নগর সংবাদদাতা :
একদিকে ভবদহের জলাবদ্ধতার প্রতিবাদ, অন্যদিকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের উৎসব। দুইয়ের সমন্বয়ে ব্যতিক্রমী এক আয়োজনের সাক্ষী হলো যশোরের অভয়নগর। জলাবদ্ধ মাঠেই অনুষ্ঠিত হলো জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে মাঠের চারপাশে ভিড় করেন হাজারো মানুষ। শুক্রবার বিকেলে উপজেলার ধোপাধী গ্রামের উলুর বটতলা এলাকায় জলাবদ্ধ মাঠে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সদস্য শহিদুল ইসলাম পিপুল জানান, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার ভয়াবহ চিত্র মানুষের সামনে তুলে ধরতেই এবার ব্যতিক্রমীভাবে জলাবদ্ধ মাঠে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দ্রুত ভবদহের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাও ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। জলবদ্ধ মাঠে নৌকা বাইচের আয়োজন হওয়ায় একদিকে যেমন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়,অন্যদিকে ভবদহের জলবদ্ধতার কারণে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪০টি ডুঙ্গা নৌকা অংশ নেয়।
উৎসবমুখর পরিবেশে মোট তিনটি রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আক্তার হোসেনের ‘রকেট’ নামের ডুঙ্গা নৌকা প্রথম স্থান অধিকার করে। মইনুদ্দিন গাজীর ‘গাজী মৎস্য’ দ্বিতীয় এবং বিপ্রজিৎ বিশ্বাসের ‘রুপার তরী’ তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। প্রথম পুরস্কার হিসেবে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা করে দেয়া হয়।

