কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কারের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহর বিরুদ্ধে।
‘অনুষ্ঠান শেষের সাত মাসেও পুরস্কার ও সনদ পাননি শিক্ষক ও শিক্ষার্থীরা’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সমলোচনা হতেই তড়িঘড়ি করে গত ২৫ আগস্ট কিছু পুরস্কার কেনা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এ বছরও জানুয়ারি মাসে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে ২৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ক্রীড়া ও বিভিন্ন বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। প্রতিযোগিতায় বিজয়ী হলেও দীর্ঘ সাত মাসেও তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়নি। যে কারণে শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাও ইতোমধ্যে শেষ হয়েছে।
যেখানে অংশ নেয়া অনেক বিজয়ীরা পুরস্কারও পেয়েছেন। ফলে কোটচাঁদপুরের বিজয়ীদের পুরস্কার বিতরণে এত বিলম্ব কেন-এ নিয়ে প্রশ্ন ওঠে। পুরস্কার বিতরণের জন্য বরাদ্দকৃত অর্থ নিয়ে নয়ছয়ের অভিযোগও ওঠে। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহর দাবি, বরাদ্দ পেতে বিলম্ব হওয়ায় পুরস্কার দেয়া সম্ভব হয়নি। তবে তথ্য নিয়ে জানা গেছে গত ১ এপ্রিল তিনি পুরস্কার কেনার ৭৫ হাজার ৫শত টাকা বিল ভাউচার দেখিয়ে আত্মসাতের চেষ্টা করেন। বিষয়টি নিয়ে বর্তমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেছার উদ্দিন আহম্মেদ জানান বাকী বিল্লাহ মূলত শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। এখানে শিক্ষা কর্মকর্তা অশোক কুমারের অবসরজনিত বিদায়ের পর পদটি শূন্য হয়।
তিনি ভারপ্রাপ্ত হিসাবে গত ০১ ফ্রেরুয়ারি থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। আমি মাত্র যোগদান করেছি আগে কি হয়েছে জানিনা তবে গত পরশু পুরস্কার সামগ্রী অফিসে আনা হয়েছে যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ-৩ আসনের এনসিপি নেতা হৃদয় আহম্মেদ দাবি করেন, উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জানুয়ারিতে অনুষ্ঠিত হলেও এখনো বিজয়ীদের পুরস্কার ও সনদ দেয়া হয়নি।
যে কারণে তিনি বঞ্চিত শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ করেছেন। কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, ‘পুরস্কার দেয়ার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের। নতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদায়ন হয়েছেন। এখন দ্রুত পুরস্কার দেয়ার বিষয়টি ভাবা উচিত। এর আগে এত দেরি হয়েছে বলে মনে হয় না। অভিযুক্ত সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষো কর্মকর্তা বাকী বিল্লাহ বলেন বরাদ্দ ছিল না।
বরাদ্দ পেতে বিলম্ব হয়েছে। এ কারণে পুরস্কার দেয়া হয়নি। খুব দ্রুত বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। তবে পুরস্কারের অর্থ নয়ছয়ের অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো কি হয়েছে।

