জীবননগর সংবাদদাতা
‘শহর থেকে গ্রামে, ডাক্তার এখন কাছে’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে।
শনিবার জীবননগর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচিতে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগীদের চিকিৎসকের পরামর্শ দেয়া হয়। বিশেষ করে টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে ঢাকার চিকিৎসকদের সঙ্গে রোগীদের পরামর্শের সুযোগ করে দেয়া হয়।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে রোগী দেখেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও বাংলাদেশ শিশু হাসপাতালের চিকিৎসক ছিলেন ডা. শুভজিৎ পাইক, এবং ডা. আরশী তাসনীম।
কর্মসূচিতে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও পিক-ফ্লো মিটারের মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেয়া হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মারুফ হোসেন এবং সার্বিক পরিচালনায় ছিলেন চিফ প্রোগ্রাম অফিসার ফাহিম ফরহাত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

