কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব জার্সি তুলে দেয়া হয়।
আগামী সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিযোগিতায় তাদের মনোবল বাড়ানোর লক্ষ্যে মানবিক দৃষ্টিকোণ থেকে জার্সি বিতরণের উদ্যোগ নেয় শাহেদা-জবেদ ফাউন্ডেশন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শাহেদা-জবেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এসএম. রাশিদুল ইসলাম নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করেন। এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এ সময় পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এসএম. রাশিদুল ইসলাম বলেন, “শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল হিরো, সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

