বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দরিদ্র ও অসহায় ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম যশোর। ‘এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ২০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হয়। সব মিলিয়ে ২ হাজার কেজি বা ২ টন চাল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। ঢাবি ফোরাম, যশোরের সভাপতি সাইফুল্লাহ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা ঢাবি ফোরাম, যশোর দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম লক্ষ্য। মানুষের প্রয়োজনের সময় পাশে থাকার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রি নিয়ে তাদের পাশে দাঁড়ানো শুধু সহায়তা নয়, বরং সামাজিক দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ।
চাল নিতে আসা উপকারভোগীদের অনেকেই বলেন, সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে গিয়ে খাদ্য কেনার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এ অবস্থায় ১০ কেজি চালের সহায়তা তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। তারা এ উদ্যোগের জন্য ঢাবি ফোরামের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকেরা জানান, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানে ঢাবি ফোরাম, যশোরের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

