বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে যশোর কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এসআই মো. আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়।
আটকের পর তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুল ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ২৭ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মো. নজরুল এবং মায়ের নাম মোছা. নবিছন খাতুন। বর্তমানে তিনি তালতলা, বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যশোর জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
