বাংলার ভোর প্রতিবেদক
যশোরে শিশু লামিয়া ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে রায়মানিক সরদারপাড়া এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু লামিয়াকে ধর্ষণের পর অভিযুক্ত সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামি সোহাগ কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি হত্যা ও ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
মানববন্ধন থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান মানববন্ধনকারীরা।
