নড়াইল সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ মোছা.সীমা বেগম (৩৮) ও মো.রাসেল শেখ (২১) নামে দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
সোমবার বেলা ৩ টার দিকে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক সীমা বেগম উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের স্ত্রী এবং রাসেল শেখ একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তারা সম্পর্কে মেয়ের জামাই-শাশুড়ি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, বেলা ২ টার দিকে গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) নড়াইল কার্যালয়ের একটি আভিযানিক দল লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়িতে অভিযান চালায়। পরে বেলা ৩ টার দিকে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় মোছা.সীমা বেগম ও তার মেয়ে জামাই মো. রাসেল শেখকে আটক করেন ডিএনসি সদস্যরা। ইউসুফ শেখ কারাগারে থাকায় শাশুড়ী ও জামাই মিলে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে জানায় ডিএনসি।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।
