বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির সিমকার্ড ও নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামের তাপস কুমার, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামের তুষার শিকদার, যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সাদিয়া ইসলাম সুইটি এবং রামকৃষ্ণপুর এলাকার টিপু সুলতানের মেয়ে ইসরাত জাহান তৃপ্তি। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর ভোরে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা নিয়মিত রাতের টহল দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাপস কুমার ও তুষার শিকদারকে আটক করেন।
জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি স্বীকার করেন, তারা আরও কয়েকজনের সঙ্গে মিলে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মোহাম্মদ আলী মন্ডলের বাসার তৃতীয় তলার একটি কক্ষে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম সুইটি ও ইসরাত জাহান তৃপ্তিকে আটক করে। এ সময় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, একটি অপ্পো এ-৭ মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড এবং নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটকরা বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশন করছিলেন।
এ ঘটনায় মামলার পর সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
