জীবননগর সংবাদদাতা :
চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রীরা।
বুধবার ভোর ৫টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটির নাম রংতুলি পরিবহন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৫১৯৫।
জানা গেছে, রংতুলি পরিবহনটি মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা এলাকার দিকে যাচ্ছিল। পথে ভোর ৫টার দিকে জীবননগরের পাথিলায় মোড় ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় বাসে সাত থেকে আটজন যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার ছিলেন। দুর্ঘটনায় বাসটির ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে কোনো যাত্রী বা বাসের কর্মী আহত হননি।
বাসের যাত্রী আফজাল হোসেন বলেন, “রাত ১১টার দিকে ঢাকা থেকে রংতুলি বাসটি ছেড়ে আসে। ভোরে জীবননগরে যাত্রী নামিয়ে নেপার দিকে যাচ্ছিল। পাথিলার মোড় ঘোরার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে আমাদের কারও কোনো ক্ষতি হয়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, “বাস দুর্ঘটনার কথা শুনেছি। তবে এতে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
