কপিলমুনি সংবাদদাতা :
দীর্ঘদিন ধরে নকল লেবেল ব্যবহার ও প্যাকেটজাত করে নিম্নমানের পণ্যসামগ্রি উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় পাইকগাছার কপিলমুনিতে দু’প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
ভোক্তা অধিকারের খুলনার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমানের যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা ছিলেন পাইকগাছা উপজেলা সেনেটারি ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডলসহ আনসার সদস্যবৃন্দ।
বেলা সাড়ে ১১ টায় শুরু হওয়া অভিযানে তারা প্রথমে কপিলমুনি কলেজ মোড় এলাকার তপন মন্ডলের মালিকানাধীন দ্বীপ এন্টারপ্রাইজের তালাবদ্ধ কারখানার ভেতরে বিভিন্ন নামি-দামী ব্রান্ডের ভোগ্যপণ্যের নকল লেবেল ব্যবহার করে প্যাকেট ও তা বাজারজাতকরণের প্রমাণ পান। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পরে জনৈক উত্তম কুমার সাহার মালিকানাধীন কর্ণফুলি টি হাউজে অভিযান চালিয়ে সেখানেও একই পন্থায় বিভিন্ন পণ্যের প্যাকেটে নকল লেবেল ব্যবহার ও অতিরিক্ত ঘণ চিনির অস্তিত্ব পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
