বাংলার ভোর প্রতিবেদক
এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফল প্রকাশ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণের পর বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন পরীক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছেন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পুনঃনিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনেক পরীক্ষার্থী পেয়েছেন উন্নত গ্রেড ও জিপিএ-৫।
পুনঃনিরীক্ষণের আগে ‘F’ গ্রেড পাওয়া ৩৮০ জন পরীক্ষার্থী নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ‘F’ থেকে ‘A’ গ্রেড পেয়েছেন ১ জন। ‘F’ থেকে ‘A-’ পেয়েছেন ৩ জন। ‘F’ থেকে ‘B’ পেয়েছেন ৩৩ জন। ‘F’ থেকে ‘C’ পেয়েছেন ১৯ জন। ‘F’ থেকে ‘D’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩২৪ জন।
খাতা পুনঃনিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে ‘A’ গ্রেড পাওয়া ৭৩১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া আগে ‘A-’ গ্রেড পাওয়া ১৯ জন এবং ‘B’ গ্রেড পাওয়া ২ জন পরীক্ষার্থীও পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ অর্জন করেছেন।
পুনঃনিরীক্ষণের ফলে ‘A-’ থেকে ‘A’ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন পরীক্ষার্থী। এছাড়া ‘B’ থেকে ‘A’ গ্রেডে উন্নীত হয়েছেন ১২ জন। ‘B’ থেকে ‘A-’ পেয়েছেন ১৫০ জন। ‘C’ থেকে ‘A’ পেয়েছেন ১ জন। ‘C’ থেকে ‘A-’ পেয়েছেন ১ জন। ‘C’ থেকে ‘B’ পেয়েছেন ৬৫ জন। ‘D’ থেকে ‘A-’ পেয়েছেন ১ জন। ‘D’ থেকে ‘C’ পেয়েছেন ১৪ জন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, পরীক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। এ সময় উত্তরপত্রে নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখনসংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়। পুনঃনিরীক্ষণের পর সংশোধিত ফলাফল প্রস্তুত করে তা বোর্ড কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠিয়ে দেয়া হয়েছে।
