লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নড়াইল জেলার আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন রোগী, রোগীর স্বজনসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নড়াইলের কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য এমদাদুল হক এমদাদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইমরান হোসেন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাতসহ প্রমুখ।
পরিদর্শনকালে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, আমি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেছি, ভর্তি রোগী ও তাদের পরিবারের লোকের সঙ্গে কথা বলেছি। তাদের সুবিধা-অসুবিধার কথা শুনেছি।
লোহাগড়ার বৃহৎ জনগোষ্ঠীর জন্য ৫০ শয্যা হাসপাতাল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কমপ্লেক্সটি ১শ শয্যায় উন্নীতকরণের চেষ্টা করছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সুখবর পাবেন লোহাগড়াবাসী।
এছাড়াও তিনি হাসপাতালে ওয়াশরুম, ফ্যান, রোগ নির্ণয়সহ সার্বিক বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।
