কোটচাঁদপুর সংবাদদাতা :
ঝিনাইদহের কোটচাঁদপুর পোস্ট অফিসে এক সপ্তাহ যাবত নেই ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প। যে কারণে স্থবির হয়ে পরেছে সরকারি বেসরকারি অফিস ও এনজিও’র কার্যক্রম। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আর চরম ভোগান্তিতে পড়েছেন সর্বসাধারণ।
গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, পদক্ষেপ, পল্লী সঞ্চয় ব্যাংকসহ উপজেলা জুড়ে ৩০টির বেশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম চলে, প্রতিটি গ্রাহকের টাকা গ্রহণে রেভিনিউ প্রয়োজন হয়। কিন্তু চাহিদামত রেভিনিউ না পাওয়ার কারণে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন গ্রাহকরা।
খোঁজ নিয়ে জানা যায়, কোটচাঁদপুর উপজেলায় প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকার রেভিনিউ স্ট্যাম্পের চাহিদার বিপরীতে গত মাসে সর্বশেষ দেয়া হয়েছে মাত্র ৪০ হাজার টাকার স্ট্যাম্প। যে কারণে এ সংকট বলে জানান সংশ্লিষ্টরা।
গ্রামীণ ব্যাংকের কর্মী নাহিদ জানান স্ট্যাম্প সংকটে ঋণ বিতরণ চালাতে সমস্যা হচ্ছে। এনজিও কর্মী পারভীনা জানান কোথাও স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না আবার রেভিনিউ স্ট্যাম্প ছাড়া ঋণ বিতরণ করা হয় না। যে কারণে আমরা চরম সমস্যায় পড়েছি। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে কথা হয় কোটচাঁদপুর উপজেলা পোস্ট মাস্টার ফিরোজ আলমের সাথে। তিনি জানান আমরা রেভিনিউ স্ট্যাম্প জেলা পোস্ট অফিসের মাধ্যমে কিনে তা উপজেলার ১৬ টি সাব পোস্ট অফিসে বিতরণ করি যেখান থেকে গ্রাহকরা কিনে থাকেন। প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকার স্ট্যাম্পের চাহিদা থাকলেও এ মাসে আমরা কোন রেভিনিউ স্ট্যাম্প পাইনি যে কারণে সংকট সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহ জেলা পোস্ট মাস্টার রিয়াজুল হক জানান, আমরা তো রেভিনিউ পয়দা করিনা ট্রেজারি চালানের মাধ্যমে ডিসি অফিস থেকে সংগ্রহ করে তা জেলায় বিতরণ করে থাকি। এ মাসে এখনও পাইনি তবে দু’একদিনের মধ্যেই হয়তো পেয়ে যাবো। তখন আর সংকট থাকবে না। সংকটের বিষয়ে জানতে চাওয়া হয় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শাখায়) দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের কাছে। তিনি জানান ইতিমধ্যে রেভিনিউ স্ট্যাম্প বিতরণ করা হয়েছে।
